জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ বেস্ট অব ব্লগস (ববস) বা সেরা ব্লগ প্রতিযোগিতার নিবন্ধন গ্রহণ শুরু করেছে। বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীরা এখন ১১টি ভাষায় নিজেদের ব্লগ এ প্রতিযোগিতার জন্য নিবন্ধন করতে পারবেন এবং একই সঙ্গে নিবন্ধিত ব্লগগুলো সম্পর্কে মতামত জানাতে পারবেন। এ বছর সেরা ব্লগ নির্বাচনে ভাষার তালিকায় যোগ করা হয়েছে বাংলা। ফলে বাংলা ভাষাভাষী ইন্টারনেট ব্যবহারকারী তথা ব্লগাররা পৃথকভাবে তাঁদের নিজস্ব বাংলা ব্লগকে এ প্রতিযোগতার জন্য নিবন্ধিত করতে পারবেন। একই সঙ্গে এ বছর যুক্ত করা হয়েছে জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বিশেষ ব্লগ পুরস্কার। খবর বিজ্ঞপ্তির।
বেস্ট অব ব্লগসের জন্য নিবন্ধিত বাংলা ব্লগগুলোর ওপর ইন্টারনেট ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে বিচারকেরা চূড়ান্ত বিজয়ী নির্ধারণের একটি তালিকা তৈরি করবেন। ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত ব্লগগুলোর ওপর অনলাইন ভোটিং ও বিচারকদের মতামতের ভিত্তিতে ১৫ এপ্রিল চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে। ২০১০ সালের জুনে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে বেস্ট অব ব্লগস অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিস্তারিত www.dw-world.be/ bengali ঠিকানার ওয়েবসাইট থেকে জানা যাবে।
No comments:
Post a Comment